বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

আজ ভয়াল মিরসরাই ট্র্যাজেডির ১৩ বছর; ছবির ফ্রেম আঁকড়ে স্তম্ভিত স্বজনরা

আপডেট:

 

কামরুল ইসলাম:

বিজ্ঞাপন

১১ জুলাই তারিখটি মিরসরাইয়ের ইতিহাসে ভয়াল তম একটি দিন। ২০১১ সালের এই দিনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৪৩ জন শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়েছিল। ঐদিন মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে যাওয়ার পথে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার শিকার হয় শিক্ষার্থী বহনকারী ট্রাকটি। এখনো সেই দুঃসহ স্মৃতি মনে উঠলে আঁতকে উঠেন নিহতদের স্বজনরা। এখনো যাওয়া-আসার পথে দুর্ঘটনাস্থলে থমকে দাঁড়ায় পথিক।

 

বিজ্ঞাপন

প্রতিবছর ১১ জুলাই এলে শোকে বিহ্বল হয়ে পড়েন নিহতদের পরিবার, স্বজন, স্কুলশিক্ষকরা তথা সমগ্র মিরসরাই। হারানো সন্তানদের ছবি বুকে আঁকড়ে ধরে হাউমাউ করে বাবা-মায়েদের কাঁদতে দেখা যায় প্রতিবছরই। কারো বা চোখের পানি ঝরতে ঝরতে এখন হয়ে গেছেন মরা পাথর। চাইলেও কাঁদতে পারেন না এখন তারা।

 

সে ট্রাজেডিতে নিহত হওয়া অষ্টম শ্রেণির ছাত্র আমিন শরীফের বাবা শাহজাহান বলেন, ‘আমার ছেলে যখন মারা যায় আমি তখন বিদেশে ছিলাম। শেষ সময়ে ছেলেটাকে আমি দেখিনি। এর চেয়ে কষ্টের আমার কাছে আর কিছুই নেই।’

এ ১৩ বছরকে ১৩ দিনের চেয়েও কম মনে হয় সন্তান হারানো মা কোহিনুর বেগমের। তিনি ট্রাজেডিতে নিহত রায়হান উদ্দিনের মা। তিনি বলেন, ‘আমার এখনো বিশ্বাস হয় না আমার ছেলে নেই। এইতো সেদিন রায়হান খেলা দেখতে বের হয়েছিল, সে ফিরে আসবে।’

 

ট্র্যাজেডিতে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩৪ জন, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন, আবুতোরাব ফাজিল মাদরাসার ২ জন, প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের ২ জন শিক্ষার্থী ছিল। এছাড়া একজন অভিভাবক ও দু’জন ফুটবলপ্রেমীও মারা যান।

নিহতদের স্মরণে দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’ এবং ছাত্রদের স্মরণে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রবেশমুখে স্থাপন করা হয়েছে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’।

 

সেসময় নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম এইচ এম এরশাদ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরীসহ দেশের বিশিষ্টজনরা।

 

প্রতিবছর দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মিরসরাইবাসী। দিনটিকে ঘিরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত সহ নানান আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত