শনিবার, মার্চ ২১, ২০২৬

কোথায় যাওয়া যায় –জিয়াউদ্দিন বুলবুল

আপডেট:

তবে কোথায় যাওয়া যায়
মাথাভর্তি বোধবুদ্ধি, দেহময় দুর্দশার দাগ
আঙুলময় স্পর্শহীন জ্বালা দৃষ্টিময় আগুনের হলকা
এই খর দাবদাহে এই ঝোড়ো হাওয়ার সন্ধ্যায়
ওদের আত্মসর্বস্ব পৃথিবী‌ কিভাবে কোথায়
সংগঠিত হয়ে ওঠে‌ আত্মশ্লাঘায় ফুলে ওঠে
সমুদ্রের জলতল কিভাবে রাতের মধ্যে
সংগঠিত চক্রান্তের মতো ক্রমাগত ধেয়ে চলে
মেঘদল আকাশের দিক থেকে দিকে
কোথায় বিন্দু বিন্দু জলবাষ্প‌ একমত হয়ে
গড়ে তোলে বৃষ্টিগর্ভ মেঘ
তার আমি কি জানি বলো
কোথায় বিদ্যুৎ রেখা দেখা দেবে
মরু নাকি বনানী চমকাবে
নাকি সে মরিয়ার মতো আছড়ে পড়বে
তেজস্ক্রীয় ইস্পাতের ধূলায়
মলিন‌ কোন জেলা শহরের পথে পথে
অথবা সে শান্ত হবে
বিস্তীর্ণ শষ্যের কালো গ্রাম গ্রামান্তরে
কিছুই বুঝিনা আমি
না‌ জন্ম শুভায়ূ ফুলের শুভ ঘ্রাণ
কিছুই বুঝিনা আমি
না মৃত্যু
আমাদের জন্যে তার অপেক্ষার অদৃশ্য কৌশল
এই হাসি
মাধূর্যের প্রাচীন হাসিরা
এই অশ্রু
নামহীন মুখচ্ছবিমালা
রক্তাভ নদীর কিনারে‌ এই প্রব্রজ্যার প্রকৃত কারণ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত