সোমবার, মার্চ ১৬, ২০২৬

বিএনপি সব সময় সবার আগে সংস্কারের পক্ষে কথা বলেছে–তারেক রহমান

আপডেট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় সবার আগে সংস্কারের পক্ষে কথা বলেছে। তবে সেই সংস্কার মানে বইয়ের কয়েক লাইন পরিবর্তন নয়। যে সংস্কার দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনবে আমরা সেই সংস্কারের কথা বলছি।বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে স্মরণ সভায় আয়োজন করা হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেন, ‘বিএনপি ৩১ দফা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। অনেকেই সংস্কারের কথা বলছেন। প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলছি, এই সংস্কারের প্রস্তাব প্রথম দিয়েছে বিএনপি। এক বাক্যে সংস্কার বলতে সেটাই বুঝি, যে সংস্কার করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। যে সংস্কার করলে বেকার সমস্যার সমাধান হবে। যে সংস্কার করলে নারীদের স্বাধীনতার অধিকার নিশ্চিত হবে। যে সংস্কার করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। যে সংস্কার করলে দেশের সন্তানেরা শিক্ষা পাবে। যে সংস্কার করলে কিঞ্চিত হলেও দেশের মানুষ স্বাস্থ্যসেবা পাবে। আমি সেই বিষয়গুলোকেই সংস্কার বলছি।বিকেল ৩টায় স্মরণসভা শুরুর কথা থাকলেও আগেই কানায় কানায় পূর্ণ হয় যশোর টাউন হল ময়দান। প্রয়াত নেতা তরিকুল ইসলামের প্রতি ভালবাসা জানাতে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনতে আসা মানুষের ঢল পৌঁছায় আশপাশের সড়কেও। দুপুর ১২টা থেকেই বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মী মিছিল নিয়ে স্মরণসভা স্থলে আসতে থাকেন। স্বরণসভা পরিণত হয় জনসভায়। মিছিল স্লোগানে জনসমুদ্রে রূপ নেয় পুরো শহর। সেই জনস্রোতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত তরিকুল ইসলামের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, তরিকুল ইসলাম যতদিন বেঁচে ছিলেন মানুষের অধিকার নিশ্চিতের লড়াই করে গেছেন। এ দেশের মানুষের শিক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করেছেন তিনি। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে পাশে দাঁড়িয়েছেন। বিএনপি অন্যমাত্রায় তরিকুল ইসলামকে স্মরণ করে। বিশেষ করে ২০১৩-২০২৪ সালের আন্দোলনে তরিকুল ইসলামের অসাধারণ সাংগঠনিক দক্ষতা ফুটে ওঠে। তৃণমূলের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। তিনি কখনও তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। তার শূন্যতা আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত