সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ কিছু সামুদ্রিক প্রাণীর অদ্ভুত আচরণ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। জাপানে ওরফিশ ভেসে আসা, বিভিন্ন এলাকায় তিমির আটকে পড়া, সমুদ্রতীরের কাছে অ্যাংলারফিশের উপস্থিতির মতো অস্বাভাবিক ঘটনা দেখা গেছে। আর তাই এসব ঘটনা সম্ভাব্য কোনো পরিবেশগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন।সামুদ্রিক প্রাণীদের এসব আচরণের সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব রয়েছে বলে ধারণা করা হলেও সামুদ্রিক বাস্তুতন্ত্র ও সম্ভাব্য দুর্যোগের সঙ্গে এসব প্রাকৃতিক ঘটনার সংযোগ আছে কি না, তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা।ওরফিশ, তিমি ও অ্যাংলারফিশের মতো প্রাণীরা গভীর সমুদ্রের বাস করে। এসব প্রাণী যখন তীরের কাছে চলে আসছে, তখন জলবায়ু পরিবর্তন ও উষ্ণায়নের প্রভাব পড়ছে বলে মনে করা হচ্ছে। এসব প্রাণীর আবাসে ব্যাপক পরিবেশগত পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন বিজ্ঞানীরা। রহস্যময় ওরফিশের হঠাৎ তীরের কাছে আসার ঘটনা সবচেয়ে বেশি চমক তৈরি করেছে। এই মাছকে পৌরাণিক কাহিনিতে কেয়ামতের মাছ বা ডুমসডে ফিশ নাম দেওয়া হয়েছে।গভীর সমুদ্রের এই মাছ খুব কমই সৈকতের কাছাকাছি দেখা যায়। এসব মাছের সৈকতের কাছে আসাকে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হিসেবে মনে করেন অনেকেই। যদিও এমন আচরণের বৈজ্ঞানিক ব্যাখ্যার অভাব রয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় তিমির উপস্থিতি ও অগভীর জলে অ্যাংলারফিশের উপস্থিতি অনেক প্রশ্ন তুলছে। এসব আচরণ কি কাকতালীয় নাকি কোনো পরিবেশগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।বিভিন্ন এলাকায় তিমি আটকা পড়ার ঘটনা যদিও অনেক পুরনো বিষয়, তারপরও সাম্প্রতিক সময়ে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। আলো উৎপন্নকারী গভীর সমুদ্রের অ্যাংলারফিশ সম্প্রতি সমুদ্রতটের দিকে বেশি করে আসতে দেখা গেছে। – টাইমস অব ইন্ডিয়া

