ধর্ষণের দায়ে পাওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করে জিতে গেছেন দানি আলভেস। এই ব্রাজিলিয়ান ফুটবলারের সব সাজা বাতিল করে দিয়েছে স্পেনের একটি আদালত।
বাদীর অভিযোগ, ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবের বাথরুমে তাকে ধর্ষণ করেন আলভেস। অভিযোগের পেক্ষিতে পরের মাসেই বার্সেলোনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্পেনের আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে দোষী সাব্যস্ত করে সাড়ে চার বছরের কারাদণ্ড দেয় আদালত।তখনই আপিল করার সিদ্ধান্তের কথা জানান দেশ ও ক্লাবের হয়ে ৪০ এর বেশি শিরোপা জেতা আলভেস। পরের মাসে কারাগার থেকে জামিনে ছাড়া পান বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার।কাতালুনিয়ার হাই কোর্ট শুক্রবার ৪১ বছর বয়সী আলভেসের সাজা বাতিল করে বলেছে, তার বিরুদ্ধে মামলায় ‘অসঙ্গতি’ ও ‘বৈপরীত্য’ রয়েছে।শুরুতে সব অভিযোগ অস্বীকার করেন আলভেস। কিন্তু গত এপ্রিলে সাক্ষ্য পরিবর্তন করে স্বীকার করে নেন অভিযোগকারী নারীর সঙ্গে যৌন সম্পর্কের কথা। তবে তা দুইজনের সম্মতিতে হয়েছিল বলে দাবি করেন আলভেস।বার্সেলোনার একটি আদালত গত অগাস্টে আনুষ্ঠানিকভাবে আলভেসকে অভিযুক্ত করে। শাস্তি হিসেবে ৯ বছরের জেল চান স্পেনের এক প্রসিকিউটর।
ব্রাজিলের হয়ে ১২৬টি ম্যাচ খেলা আলভেস ক্লাব ক্যারিয়ারে খেলেছেন বার্সেলোনা, ইউভেন্তুস ও পিএসজির মতো ইউরোপের বড় ক্লাবে। আলভেস তখন আটক হন তখন তিনি খেলেন পুমাসের হয়ে। গ্রেফতারের পর তার সঙ্গে চুক্তি বাতিল করে মেক্সিকোর ক্লাবটি। এই ঘটনার জের ধরে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন স্ত্রী জোয়ানা সানসও।
ধর্ষণের দায়ে ব্রাজিলিয়ান ফুটবলারের সব সাজা বাতিল করে দিয়েছে স্পেনের আদালত
আপডেট:

