ফেসবুকে মুহাম্মদ (সা.) ও তার স্ত্রীদের নিয়ে কটূক্তিকর মন্তব্যের জেরে এলাকাবাসীর হুমকিতে আত্মহত্যা করেছেন শাকিল আহমেদ (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী। মঙ্গলবার (১০ জুন) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে সোমবার দিবাগত রাতের কোনো এক সময় গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করে শাকিল। বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম।নিহত শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ও উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ মাস আগে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সা.) এবং তার স্ত্রীদের নিয়ে কটূক্তিকর কমেন্ট করেন। তবে পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি ওই কমেন্ট মুছে ফেলেন। এরপর গত সোমবার ওই কমেন্ট ফেসবুকে নতুন করে ভাইরাল হয়। এ নিয়ে ফেসবুকে শাকিলকে নিয়ে স্থানীয়রা তাকে হুমকি-ধামকি দেন। সোমবার রাতে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার লোকজন বাড়িতে গিয়ে শাকিল ও তার পরিবারকে হুমকি-ধামকি দেন। এরপর রাতে নিজ বাড়িতে ফাঁস নিয়ে শাকিল আত্মহত্যা করেন।আত্মহত্যার আগে ফেসবুকে সর্বশেষ পোস্টে শাকিল লিখেন, ‘আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদকে কোনো কটূক্তি করিনি। আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করত, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করত। আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দিবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না। একটা ছেলে হয়ে নিজের বাবা–মায়ের মানসম্মান আমি এভাবে নষ্ট করে দুনিয়ায় বেঁচে থাকতে পারব না। কোনো দিন আমি গ্রামে মাথা তুলে চলতে পারব না। আত্মহত্যা মহাপাপ আমি জানি। আমি অনেক পাপ করেছি, আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি।দক্ষিণ জামশা বাজারের দোকানি ও শাকিলের প্রতিবেশী দিদার আলী বলেন, দীর্ঘদিন আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে শাকিল কটূক্তিমূলক মন্তব্য করেন। তবে ভুল বুঝতে পেরে কিছুদিন পর তা মুছে ফেলেন। পরে ফেসবুকে তার এক বন্ধু ওই মন্তব্য আবার ভাইরাল করে দেন। এতে লোকজন তাদের হুমকি দিচ্ছিলেন।শাকিলের খালাতো বোন মুক্তা আক্তার বলেন, গতকাল রাত ৯টার দিকে ফেসবুকের ওই কমেন্টকে কেন্দ্র করে দক্ষিণ জামশা গ্রামসহ আশপাশের গ্রামের কয়েকশ লোক শাকিলদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দেন। এরপর রাত ২টার দিকে বাড়িতে নিজ ঘরের ভেতর ফাঁস নিয়ে শাকিল আত্মহত্যা করেন।
স্বজনরা জানিয়েছেন, ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে এক ব্যক্তির পোস্টে মন্তব্য করেছিলেন শাকিল। পরে সেটি ঘিরে স্থানীয় কিছু লোক তাকে হুমকি দেন। বাড়িতে গিয়েও বিভিন্নজন তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখান। এ পরিস্থিতির কারণেই তিনি আত্মহত্যা করেছেন।সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, ওই শিক্ষার্থী তার নিজ ফেসবুক আইডি থেকে হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। পুরনো ওই মন্তব্য সম্প্রতি ভাইরাল হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনি আত্মোপলব্ধি ও পারিবারিক মানসম্মানের কারণে আত্মহত্যা করেছেন।ওসি আরও জানান, আজ সকালে তার লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আত্মহত্যার আগে ঢাবি শিক্ষার্থীর ‘আমি নাস্তিক নই’
আপডেট:

