শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, দেশে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এতে সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষা ব্যবস্থার ছাত্র-ছাত্রীরা। কারণ হাতে-কলমে কাজ করার সময় আমাদের এসেছে।আমাদের প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। বিজ্ঞান শিখতে হবে।
সোমবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশেরবাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রফিকুল আবরার বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে।তারা নিজেরাই সেটা মনে করেন। তারা তো তাদের মূল লক্ষ্য পালন করবেনই এবং রাষ্ট্রও চায় তারা যেন কোয়ালিটি কারিগরি দক্ষতা গ্রহণ করেন। কারিগরি শিক্ষার জন্য এ সরকারের বড় রকমের প্রয়াস রয়েছে।তিনি আরও বলেন, জুলাই মাস আমাদের গর্বের মাস।এই মাসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করার আহ্বান জানাচ্ছি। বিগত সময় আমাদের কথা বলার অধিকার ছিল না। আমাদের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই ব্যবস্থা থেকে মুক্ত করেছে এবং নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছে। নতুন বাংলাদেশের কিছুটা দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে।
রাজনৈতিক দলের প্রতি আশা প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা বলেন, আমি আশা করি; আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। আর এখন থেকেই আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে হবে, যেই শিক্ষা কর্মদক্ষতা ঘটাবে, নৈতিক ও মানবিক হতে শেখাবে। সেই শিক্ষার শুরু যেনো আমরা করে যেতে পারি।জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও বন্দর উপজেলা ইউএনও মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে : শিক্ষা উপদেষ্টা
আপডেট:

