বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইসলামে প্রতারণা ঠকবাজি কঠোরভাবে নিষিদ্ধ

আপডেট:

বর্তমান সমাজে প্রতারণা এমনভাবে শিকড় গেড়েছে, যেন এটি জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। একসময় মানুষ একে অপরের প্রতি আস্থা রাখত, কথা মানে ছিল অঙ্গীকার, বিশ্বাস মানে ছিল বন্ধন। কিন্তু এখন সেই বন্ধন ছিন্ন হয়েছে স্বার্থের কাঁচি দিয়ে। সামান্য লাভের আশায় মানুষ ঠকাচ্ছে মানুষকে, প্রতারণা করছে আপনজনকেও। এই প্রবণতা শুধু ব্যবসা-বাণিজ্য বা অর্থনৈতিক লেনদেনে সীমাবদ্ধ নয়, বরং সম্পর্ক, বন্ধুত্ব, এমনকি ধর্মীয় আচরণেও ছড়িয়ে পড়েছে। অথচ ইসলাম এই প্রবণতাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। প্রতারক ও ঠকবাজকে মহান আল্লাহ ক্ষমা করবেন না, বরং যাকে ঠকানো হয়েছে, যার সঙ্গে প্রতারণা করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে।পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘অতঃপর যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তার ওয়াদা ভঙ্গের পরিণাম বর্তাবে তারই ওপর। আর যে ব্যক্তি আল্লাহকে দেওয়া ওয়াদা পূরণ করবে, অচিরেই আল্লাহ তাকে মহাপুরস্কার দেবেন।’ (সুরা ফাতাহ ১০) এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন,বিশ্বাসঘাতকতা ও ওয়াদা ভঙ্গ এক প্রকার গুনাহ, যার দায় শেষ পর্যন্ত মানুষকেই বহন করতে হয়।আরেকটি বড় প্রতারণা হচ্ছে চাকরি বা শিক্ষার সুযোগের নামে মানুষকে ফাঁদে ফেলা। হাজারো তরুণ প্রতিদিন প্রতারিত হচ্ছে চাকরির আশায়, কেউ কেউ আবার বিদেশে পাঠানোর কথা বলে সর্বস্ব হারাচ্ছে। এদের মধ্যে কেউ কেউ গরিব পরিবারের সন্তান, যারা ধার-দেনা ভাগ্যের চাকা বদলাতে চায়। কিন্তু প্রতারকরা তাদের সেই আকাক্সক্ষাটুকু শেষ করে দেয়।একইভাবে ব্যবসায়িক ক্ষেত্রে ওজনে কম দেওয়া, ভেজাল পণ্য বিক্রি করা বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রাহককে ঠকানো এখন যেন স্বাভাবিক ব্যাপার। অথচ পবিত্র কোরআনে মহান আল্লাহ স্পষ্টভাবে সতর্ক করেছেন, ‘ধ্বংস তাদের জন্য, যারা পরিমাপে কম দেয়।’ (সুরা মুতাফফিফিন ১) এই আয়াতের প্রতিটি শব্দ যেন আমাদের ব্যবসায়িক সমাজের আয়নায় প্রতিফলিত হয়।হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, সে আমাদের লোক নয়। আর যে আমাদের প্রতারণা করবে, সেও আমাদের লোক নয়।’ (সহিহ মুসলিম) এই হাদিসে প্রতারণাকে এমন পর্যায়ে নিন্দা করা হয়েছে যে, প্রতারককে মুসলিম সমাজের অন্তর্ভুক্ত বলা হয়নি। অর্থাৎ প্রতারণা শুধু একটি সামাজিক অপরাধ নয়, এটি ইমান নষ্টেরও কারণ।
আমাদের সমাজে সম্পর্কের ক্ষেত্রেও প্রতারণা ভয়াবহ রূপ নিয়েছে। বিবাহের মতো পবিত্র বন্ধনেও দেখা যাচ্ছে মিথ্যা পরিচয়, আর্থিক প্রতারণা, এমনকি আবেগের সুযোগ নিয়ে ঠকানো। কেউ মিথ্যা ভালোবাসার অভিনয় করে অপরজনের আবেগ ও সম্পদ লুটে নিচ্ছে। আবার কেউ ব্যবসায়িক লেনদেনে আস্থার মানুষ হয়ে প্রবেশ করছে, তারপর একদিন কৌশলে পালিয়ে যাচ্ছে।প্রতারকদের আচরণে শুধু ক্ষতিগ্রস্ত হয় না ভুক্তভোগী, ক্ষতিগ্রস্ত হয় সমাজের আস্থা ও নৈতিকতা। মানুষ যখন একে অপরকে বিশ্বাস করতে পারে না, তখন সমাজ ভেঙে পড়ে। বন্ধুত্ব হয় সন্দেহের, ব্যবসা হয় ঝুঁকির আর সম্পর্ক হয় ভয়ের। এমন সমাজে শান্তি কখনো প্রতিষ্ঠিত হতে পারে না।ইসলামের দৃষ্টিতে প্রতারণা শুধু অন্যের ক্ষতি নয়, নিজের ক্ষতিও বয়ে আনে। কোরআনে বলা হয়েছে, ‘তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে। প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া আর কারও সঙ্গে ধোঁকাবাজি করে না। আর তারা তা বুঝতেও পারে না।’ (সুরা বাকারা ৯) অর্থাৎ প্রতারণা মানুষকে এমন অন্ধ করে দেয় যে, সে নিজের ক্ষতির দিকটাও বুঝতে পারে না।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত