বিশ্বজুড়ে সংঘাত তথা যুদ্ধে শত শত কোটি ডলার ব্যয়কারী নেতাদের তীব্র সমালোচনা করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে বিধ্বস্ত হচ্ছে গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপকে আবারও আক্রমণ করার পর বৃহস্পতিবার ক্যামেরুনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।যুক্তরাষ্ট্রের প্রথম পোপ লিও যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মীয় ভাষা ব্যবহারকারী নেতাদেরও নিন্দা করেছেন।তিনি ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের বৃহত্তম শহরে অনুষ্ঠিত এক সভায় ‘নীতিমালার চূড়ান্ত পরিবর্তনের’ আহ্বান জানিয়েছেন।পোপ বলেছেন, “না জানার ভান করে ধ্বংস করতে যুদ্ধের কর্তাদের মাত্র এক মুহূর্ত লাগে, অথচ প্রায়শই পুনর্গঠনের জন্য একটি জীবনও যথেষ্ট নয়। তারা এই সত্যের প্রতি চোখ বন্ধ করে রাখে যে, হত্যা ও ধ্বংসযজ্ঞে শত শত কোটি ডলার ব্যয় করা হয়। অথচ চিকিৎসা, শিক্ষা এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সম্পদের কোনও খোঁজই পাওয়া যায় না।লিওর ওপর ট্রাম্পের আক্রমণ বা সমালোচনা প্রথম শুরু হয়েছিল তার আফ্রিকার চারটি দেশ সফরের প্রাক্কালে। মঙ্গলবার গভীর রাতে এই সমালোচনার পুনরাবৃত্তি ঘটে।গতকাল বৃহস্পতিবার পোপ সেইসব নেতাদের তীব্র সমালোচনা করেছেন, যারা যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মকে ব্যবহার করেন।তিনি বলেন, “ধিক তাদের, যারা নিজেদের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক লাভের জন্য ধর্ম এবং স্বয়ং ঈশ্বরের নামকে বিকৃত করে, পবিত্রতাকে অন্ধকার ও কলুষতার দিকে টেনে নিয়ে যায়।
সুত্র : বিবিসি

