শনিবার, জুলাই ১৮, ২০২৬

প্রেম করে বিয়ের পর পারিবারিক কলহ’ ডেমরায় পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

আপডেট:

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে সাইদুল ইসলাম (২১) নামে এক তরুণ পুলিশ কনস্টেবলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক কলহ এবং স্ত্রীর অভিমান করে বাপের বাড়ি চলে যাওয়ার জেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে।গতকাল ​শুক্রবার (১৭ জুলাই) ভোরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার বাসিন্দা। তিনি মাত্র ৯ মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন এবং কর্মস্থলের কারণে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় থাকতেন।​নিহতের মায়ের দাবি, গত ৭ মাস আগে সাইদুল প্রেম করে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য সাইদুল বহু অনুনয়-বিনয় করলেও স্ত্রীর মন গলাতে পারেননি। এই ক্ষোভ ও মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের ধারণা।​পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির কারণে সাইদুল বেশ কিছুদিন ধরে চরম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।পরে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান”মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত