শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসী শাহরিয়ারের প্রয়াণ” দৈনিক সকালের কন্ঠের প্রধান সম্পাদকের শোকগাঁথা”

আপডেট:

​বিশেষ প্রতিনিধি:ইতালির স্মৃতিবিজড়িত রোমে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রথম সচিব এবং বর্তমান অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসী শাহরিয়ার আর নেই। গত ২৯ জুলাই ২০২৬, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্বামী, তিন সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
​এই নিষ্ঠাবান কূটনীতিকের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইতালিতে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মী এবং তাঁর সাবেক সহকর্মীরা।ইতালিতে বসবাসরত জ্যেষ্ঠ সংবাদকর্মী দৈনিক সকালের কন্ঠের প্রধান সম্পাদক গভীর স্মৃতিচারণ করে বলেন, “রোম দূতাবাসে দায়িত্ব পালনকালে বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল। একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে নিজের দায়িত্ব পালন করেছেন। রোম দূতাবাসের প্রতিটি সরকারি ও সামাজিক অনুষ্ঠানে সংবাদকর্মী হিসেবে আমার উপস্থিতির সুবাদে তাঁর সাথে একটি চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। ব্যক্তিগত জীবনে অত্যন্ত মিশুক এই মানুষটির নাম নিয়ে মাঝে মাঝে কৌতুক করার স্মৃতিগুলো আজও মনে ভেসে ওঠে। তিনি যে ৮৯ ব্যাচের বন্ধু ছিলেন, তা আমার জানা ছিল না। তাঁর এই অকাল মৃত্যুর সংবাদ আমাকে গভীরভাবে ব্যথিত ও শোকাহত করেছে।”
​কর্মময় জীবন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের এই সফল কর্মকর্তা ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ইতালিতে অবস্থানকালে তাঁর স্বামীও রোম দূতাবাসে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
​কূটনৈতিক অঙ্গনের বাইরে তাঁর ৮৯ ব্যাচের সহপাঠী ও বন্ধুরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।পরোপকারী, সৎ ও নিবেদিতপ্রাণ এই পররাষ্ট্র কর্মকর্তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সর্বস্তরের মানুষ দোয়া করছেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত