রোম: ইতালির রাজধানী রোমের অন্যতম ব্যস্ত এলাকা টার্মিনি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপর এক ২৯ বছর বয়সী বিদেশি নাগরিক হামলা চালিয়েছে। অপরাধীকে গ্রেপ্তার করতে গিয়ে আহত হয়েছেন ভিমিনালে পুলিশ স্টেশনের দুই কর্মকর্তা। চিকিৎসকদের হিসাব মতে, আহতদের সুস্থ হতে অন্তত ৭ দিন সময় লাগবে।গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশকে অবমাননা এবং শারীরিক আঘাতের মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়। পুলিশ তাকে হেফাজতে নিয়ে আদালতে সোপর্দ করলে আদালত গ্রেপ্তারের আইনি বৈধতা প্রদান করেন। তবে সবাইকে অবাক করে দিয়ে আদালত তার গ্রেপ্তারের সময় বৈধ ঘোষণা করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাকে মুক্তির নির্দেশ দেন।আদালতের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিয়ারজিয়া মেলোনি। বিচারকের এই আদেশকে “সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য” বলে আখ্যায়িত করেছেন তিনি।প্রধানমন্ত্রী মেলোনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাষ্ট্রের প্রতিনিধিদের ওপর এমন গুরুতর হামলার পরও যদি কোনো অপরাধীকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তবে তা সমগ্র রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করে।” তিনি আরও যোগ করেন যে, এ ধরনের সিদ্ধান্ত দেশের নিরাপত্তা বিধানে দিনরাত কাজ করে যাওয়া আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের মনোবল ভেঙে দেয়।সামাজিক ও রাজনৈতিক মহলেও বিচার বিভাগের এই দ্রুত মুক্তির সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

