কুমিল্লার চান্দিনায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে মোস্তফা (৩০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫২ লাখ ৮৮ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।বুধবার (৩০ জুলাই) রাত ১টার দিকে চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের ভূইয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে মোস্তফাকে আদালতে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তার অধীনে রয়েছে অর্ধশতাধিক খুচরা বিক্রেতা, যারা ইয়াবা নিয়ে গ্রামে-গঞ্জে ঘুরে মাদকসেবীদের কাছে বিক্রি করে। এলাকাবাসীর অভিযোগ, কেউ মাদকের বিরুদ্ধে মুখ খুললেই তাকে হুমকি দিতেন মোস্তফা। দ্রুতই বিপুল অর্থ উপার্জন করে এলাকায় কোটিপতির কাতারে উঠে আসেন তিনি। বিষয়ে সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফার ওপর নজরদারি বাড়ানো হয়। এরপর যৌথ অভিযানে তাকে মাদক ও বিপুল পরিমাণ টাকাসহ হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করা হয়। যেকোনো অপরাধ দমন ও নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীর দাবি, মাদকের করাল ছায়া থেকে মুক্ত রাখতে প্রশাসনের এমন পদক্ষেপ অব্যাহত রাখা জরুরি।

