যশোরের কেশবপুর থানার ভেতর ঢুকে মামলার তদন্ত কর্মকর্তা, ওসিকে কৈফিয়ত তলব ও মারমুখী আচরণ করায় জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিউর রহমানকে বুধবার সকালে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার বাদী কেশবপুর থানার এস আই মোকলেছুর রহমান জানান, শবপুর থানা অভ্যন্তরে প্রবেশ করে তার চাচাতো ভাই লক্ষীনাথকাঠি গ্রামের শহীদুল ইসলামের নামে মামলা রেকর্ড করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও পুলিশকে হুমকি দেন অ্যাডভোকেট ওজিউর রহমান। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাইমুন হাসান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও হুমকির ঘটনায় অ্যাডভোকেট ওজিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে নেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

