ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় আকমল হোসেন (৩৮)-এর বিরুদ্ধে। গত সোমবার রাতে ভুক্তভোগী নিজেই ত্রিশাল থানায় মামলা করেন। অভিযুক্ত আকমল উপজেলার একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি কোম্পানির কর্মচারী। ঘটনার পর থেকে আকমল পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। এদিকে, এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ই অক্টোবর ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন ওই গৃহবধূ। এ সময় টয়লেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে তুলে একটি ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে আকমল। পরে গৃহবধূর চিৎকারে স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরিবারের অভিযোগ, ভুক্তভোগীর সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল আকমল। ঘটনার দিন মেয়ের ওড়না গায়ে দেয়ায় দূর থেকে দেখে আকমল ভুলবশত মাকেই তুলে নিয়ে ধর্ষণ করে। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

