পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান তীব্র উত্তেজনা প্রশমিত করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, প্রতিবেশী দেশ দুটির মধ্যে সংলাপের পথ সুগম করতে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। পাশাপাশি রাশিয়াও উভয় পক্ষকে অনতিবিলম্বে আন্তঃসীমান্ত হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত উত্তেজনা প্রশমনের ওপর জোর দিয়েছে। খবর বিবিসি ও খালিজ টাইমস।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে প্রস্তুত ইরান।’উভয় পক্ষকে প্রতিবেশী সুলভ আচরণ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের তাগিদ দিয়েছে তেহরান। এর আগেও সীমান্ত উত্তেজনা বাড়লে দেশ দুটির মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান।এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মস্কো উভয় দেশকে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।এছাড়া জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ রেপোর্টিয়ার রিচার্ড বেনেট উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এক্সে বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।’পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, রাতভর ডুরান্ড লাইন বরাবর আফগান তালেবানের বিভিন্ন সেনা পোস্ট, সদর দপ্তর ও গোলাবারুদ ডিপো লক্ষ্য করে বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসলামাবাদ। এ হামলায় উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে।পাকিস্তান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, তালেবান দেশটির মাটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।বিশ্লেষকদের মতে, ২ হাজার ৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং টিটিপি ইস্যু দেশ দুটির সম্পর্ককে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। ইরানের এ মধ্যস্থতার প্রস্তাব দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন তারা।

