কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ১০.০৪.২০২৪
আমার বাড়ির মেম সাহেবটা
স্বামী সন্তান নিয়ে,
ঈদের বাজার করতে গেলো
ঈদ নয় যেন বিয়ে!
যমুনা ফিউচার পার্কে গেলো
পাজেরো গাড়ি হেঁকে,
ঈদ সন্ধ্যায় বসবে নাকি
চিড়িয়াখানার লেকে!
ঈদ পরের দিন যাইতে কইছে
থালাবাসন মাজা,
আমি তো ছুটা বেটি
ছুটি দেয় ঈদের দিন, একটাই মজা!
আমাদের তো ঈদ মানে
অশ্রু সিক্ত চোখে,
ঈদ আসে সন্তান কাঁদে
ছেড়া বস্ত্রের শোকে!
পোলাও কোরমা মোদের লাইগা
গত রাতের ভাত,
ইট ভাঙতে ফেটে গেছে
মেয়ের বাপের হাত!
হাতুড়ির আঘাতে ফাটে
আঙুল গুলো রোজ,
বুকের মাঝে রক্ত ঝরে
কে রাখে তার খোঁজ ?
মশলা পিষে কাপড় ধুয়ে
ভিজে ফিরি ঘরে,
পলিথিনের বস্তির ঘরে
তখনও বৃষ্টি পড়ে!
শতসহস্র পরিবার বস্তির
থাকি ঢাকার রোডে,
সকালবেলায় ছুটা কাজে
মা বেটি ছোটে!
মোগো লাগি পূজা ঈদ
স্বর্গ নরক যেমন,
বন্দুক কামান যাতে মরি
শোক সমান সমান!



