কতদিন আমি মানুষ দেখিনা
=== ফয়েজুর রহমান
কতদিন আমি কোন মানুষ দেখিনা
কিছু সুস্থমস্তিস্কের মানুষ
কিছু বিবেকবান মানুষ
কিছু কাণ্ডজ্ঞানসম্পন্ন মানুষ।
কতদিন আমি কোন মানুষ দেখিনা
মানুষ দেখব বলে হাটে যাই
মাঠে যাই, মিটিং মিছিলে যাই
কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাই ।
কতদিন আমি কোন মানুষ দেখিনা
মানুষ দেখার বড় ইচ্ছে হয় বলে
অবলীলায় আদালতপাড়ায় যাই
পাসপোর্ট অফিস, পৌরসভায় যাই ।
আমার মানুষ দেখার বড় সাধ হয় বলে
চালডাল, তেল, নুনের দোকানে যাই
মানুষ দেখব বলে মাছবাজারে যাই
মুরগি বা গোশত দোকানে যাই।
কিন্তু কোথাও মানুষ নাই , শুধু দু’পেয়ে জন্তু পাই
মানুষ নামীয় না-মানুষের ভিড়ে,
আমিও অসুস্থ, বিকৃত মস্তিষ্ক এক অমানুষ হয়ে যাই।
==================
১৯/০৯/২৪
ফেনী



