স্মৃতি
====ফয়েজুর রহমান
তোমায় নিয়ে হয়নি লেখা, লিখতে যা চায় মন
তুমি আমার অষ্টপ্রহর, নিঝুম রাতের স্বপন ।
কত কিছুই আবোল তাবোল লিখছি সারাক্ষন
তোমায় নিয়ে লেখার মাগো হয়নি সময় – ক্ষন ।
তোমায় নিয়ে লেখা যে মা অতি সহজ নয়তো !
তাই বুঝি মা তোমায় নিয়ে হয়নি লেখা হয়তো ।
কতটা দিন পার হয়ে যায় নতুন বছর আসে
মা বুঝি মোর নিঝুম রাতে তারা হয়ে হাসে ।
কতনা মাস বছর গেল পাইনা তোমার দেখা
তোমার ছেলের দিন কাটে মা ভীষন একা একা ।
রোজার দিনে ইফতারে তে পাইনা তোমায় কাছে
ঈদের দিনও বিষন্ন সুর জাগে বুকের মাঝে ।
ঈদের নামাজ পড়ে এসে সালাম করে মাকে
কি আনন্দ পেতাম মনে, বলব এখন কা’কে?
তুমি যে নাই শূন্য থাকে তোমার চেয়ারখানি
তারপরেও তোমায় খোঁজে মনটা কেনোজানি ।
মা যে আমার গল্প বলা, মা ছিল যে সব
কেমন করে হারিয়ে গেল দুরন্ত শৈশব ।
তুমিও নাই বাবাও নাই দিন কেটে যায় দুঃখে
দোয়া করি পরপারে তোমরা থাক সুখে ।
মায়ের স্মৃতি বাবার স্মৃতি ভোলা কি যায় কভু?
তুমি তাঁদের বেহেশত নসিব করে দিও প্রভু ॥
===============================



