বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

দিনের কলম চোর আসে রাতে –

আপডেট:

— মজুমদার শাহীন

শব্দহীন রাতের গভীরে – কুকুরের অবাধ্য গর্জন,
কোথাও চোর এসেছে কি?
ব্যাংকের লকারগুলো তালাবদ্ধ, শহরের আলো ঝলমল সড়কে
পাহাড়াদার হাঁক ডাকে,
রাতের নিস্তব্ধতা ভেদ করে
কিছু কিছু পাখিও আকাশে উড়ে।
পুলিশের সাদা সবুজ পিকাপে,
লাল নীল বাতিগুলো, অন্ধকার ভেদ করে ফানুসের মত দুরে চলে যায়।
এমন গভীর রাতে কুকুরের কান্নার ধ্বনি কেবলই শংকা আনে মনে।
তবুও রাতের তারাগুলো আলো দেয়,
আনকোরা দম্পতিরা জেগে থাকে-
স্বপ্নভুক পাতার জলের মত।
আধুনিক শিল্পের যত নন্দন বুকে,
তিলোত্তমা নগরী জাগে- ঘুমহীন রাতে
তবে চোর আসে কি করে!
সাধু ফেরেস্তারা সারাক্ষণ পাহারায় থাকে,একাউন্ট বিল ভাউসার সবকিছু ঠিকই আছে,ফাইল নোট ফুটআপ সিল সপ্পর কোথাও গড়মিল নেই,তবে এই মধ্যরাতে কুকুর কেন ডাকে?
হাসনাহেনা গন্ধে মন উতোল করা
আকাশে মেঘের মিথস্ক্রিয়া আর গাছের ঘুমের সুখে বেশ আছে।
তবুও চারদিকে কেমন অস্হিরতা
সংশয় দ্বিধা কী যেন হারিয়ে গেছে,
রিজার্ভ টাংকি ফুটো হয়ে আছে।
দিনের কলম চোরেরা, ঘুমিয়ে আছে রাতের অন্ধকারে। দুরে সমুদ্র গর্জনের
মত কুকুরেরা শুধুই ডাকে।
দিনের কলম চোর আসে রাতে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত