হে বৈশাখ
===== ফয়েজুর রহমান
বৈশাখ আনে বাঙালীর প্রাণে নবশক্তির প্রেরণা
সেই প্রেরণায় ঋদ্ধ যে হয় নববর্ষের সূচনা।
নববর্ষে সারাবিশ্বে বাঙালীরা মিলে সবে
মাতোয়ারা হয় প্রাণের জোয়ারে বৈশাখী উৎসবে ।
দোকানে দোকানে হালখাতা খোলে পহেলা বৈশাখে
ক্রেতাসাধারণ, বন্ধু স্বজন আসে দোকানির ডাকে।
ক্রেতা-বিক্রেতা মেলবন্ধন এই দিনটির রীতি
মিষ্টিমুখে খোশগল্প, গড়ে উঠে সম্প্রীতি।
কিশোরবেলায় বোশেখ মেলায় গিয়েছি যে কতবার
স্কুলমাঠের মেলার কথা মনে পড়ে বারবার।
মাস বৈশাখে আমের শাখে ঝুলে থাকে কত আম
ফজলি,ল্যাংড়া,আম্রপালি আছে আরো কত নাম।
কাজের শেষে ক্লান্তি আসে কাঠফাটা রোদ্দুরে
গাছের ছায়ায় রাখাল বাজায় ডাকাতিয়া সেইসুরে।
বাংলাদেশে বৈশাখ আসে প্রকৃতির নানারূপে
কখনো বা হয় কালবৈশাখী, কখনো বা খরতাপে।
মঙ্গলময় যদি হয়, আসুক না হয় বৈশাখী ঝড়
যাকনা ভেসে অসুর শক্তি , যাকনা ভেসে অসুন্দর।
বৈশাখে তব প্রার্থনা প্রভু, দূর করো ব্যাধি-জরা
দূর করো গ্লানি, মহামারি, মানবমনের খরা।
=================================
লেখা: ০৬/০৪/২০২৪
ফেনী।



