বুধবার (২৩ জুলাই) ময়মনসিংহ নগরের একটি রিসোর্টে অনুষ্ঠিত ‘বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা: ময়মনসিংহ বিভাগ’ শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।লুটেরাদের হাতে অর্থনীতি তুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, ‘সরকারের কাজ ব্যবসা ও বিনিয়োগকে সহজ করা। কিন্তু গত দেড় দশকে ব্যবসা-বাণিজ্য জনগণের হাত থেকে কেড়ে নিয়ে তা কিছু লুটেরার হাতে তুলে দেওয়া হয়েছে। এরা ব্যাংক লুট করেছে, শেয়ারবাজার ও রাষ্ট্রীয় অর্থ পাচার করেছে, মেগা প্রকল্পের নামে দুর্নীতি করেছে।তিনি আরও বলেন, ‘সরকারি কর্মকর্তাদের দৌরাত্ম্যে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি—যেসব কাজ এখন সরকারি কর্মকর্তারা করেন, সেগুলোর অনেকটাই ব্যবসায়ী সংগঠনগুলোর হাতে তুলে দেওয়া হবে। আপনাদেরও প্রস্তুত থাকতে হবে।’ব্যাংক সুদের হার বাড়ার সমালোচনা করে তিনি বলেন, ‘১৩–১৪ শতাংশ সুদে ব্যবসা চালানো সম্ভব নয়। এতে সাধারণ মানুষকে উচ্চমূল্যে পণ্য কিনতে হচ্ছে। যারা যোগ্য, তাদের জন্য ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করতে বিএনপি সরকার নীতিমালা প্রণয়ন করবে।হস্তশিল্প প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের হস্তশিল্প বিশ্ববাজারে উচ্চমূল্যে বিক্রি হতে পারে। কিন্তু আমরা সেদিকে গুরুত্ব না দিয়ে শুধু মিল-কারখানা নিয়ে ভাবছি। বিএনপি ক্ষমতায় গেলে হস্তশিল্পে বাজেট বরাদ্দ ও ডিজাইনসহ প্রযুক্তিগত সহায়তা দিয়ে এই খাতকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে।সম্মেলনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার চেম্বার, ব্যবসায়ী সংগঠন এবং প্রায় ৪০০ ব্যবসায়ী অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যাংক মুনাফা, আমলাতান্ত্রিক হয়রানি ও বাণিজ্যিক অবকাঠামোর দুরবস্থার প্রতিবাদ জানান এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান।

