হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরাইলের বিমান ও স্থল অভিযান পুনরায় শুরু করার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। লিভিট সহিংসতার জন্য হামাসকে দায়ী করেছেন।ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিনা জানতে চাওয়া হলে লিভিট সাংবাদিকদের বলেন, ‘তিনি ইসরাইল ও আইডিএফ এবং সাম্প্রতিক দিনগুলোতে তাদের গৃহীত পদক্ষেপগুলোকে সম্পূর্ণ সমর্থন করেন।তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হামাসকে স্পষ্ট করে বলেছেন, যদি তারা সব পণবন্দীকে মুক্তি না দেয় তবে তাদের চরম মূল্য দিতে হবে এবং দুর্ভাগ্যবশত হামাস মিডিয়ার সামনে জীবন নিয়ে খেলা করার সিদ্ধান্ত নিয়েছে।গাজায় মঙ্গলবার ভোরে ইসরাইল তাদের বিমান হামলা পুনরায় শুরু করে। ফলে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে যে আপেক্ষিক শান্তি বিরাজ করছিল তা ভেঙে পড়ে। মঙ্গলবারের হামলায় গাজায় একদিনে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গত দিনে ইসরাইলের হামলায় নিহত হয়েছে ২০০ ফিলিস্তিনি শিশু।এদিকে হামাস জানিয়েছে, তারা বৃহস্পতিবার ইসরাইলি বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে, যা গাজায় ক্রমবর্ধমান বেসামরিক মৃত্যুর সংখ্যার প্রতি তাদের প্রথম সামরিক প্রতিক্রিয়া।ইসরাইল জানিয়েছে, বুধবার থেকে সেনাবাহিনীর স্থল অভিযান সম্প্রসারণের সাথে সাথে তারা অঞ্চলটির প্রধান উত্তর-দক্ষিণ রুটটি বন্ধ করে দিয়েছে।
সূত্র : এএফপি

