শনিবার, মার্চ ১৪, ২০২৬

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর উসকানিমূলক প্রার্থনা, উত্তেজনা চরমে

আপডেট:

আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে আবারও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। রোববার (৩ আগস্ট) শত শত ইহুদি বসতিস্থাপনকারী তার সঙ্গে ওই এলাকায় প্রবেশ করে প্রার্থনায় অংশ নেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বেন গভিরের নেতৃত্বে প্রার্থনার সময় অংশগ্রহণকারীরা উচ্চস্বরে ইহুদি ধর্মীয় আচার পালন করেন, যা মুসলিমদের উসকানি দেওয়ার সামিল। মিডল ইস্ট আই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনেক বসতিস্থাপনকারী চত্বরে নাচতে ও হৈচৈ করতে দেখা গেছে, যা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এ স্থানটির মর্যাদাকে লঙ্ঘন করে।জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত আল-আকসা মসজিদ ইসরায়েলের দখলে থাকলেও দীর্ঘদিন ধরেই এটি মুসলমানদের নিয়ন্ত্রণে রয়েছে। ঐতিহাসিক ‘স্ট্যাটাস কু’ অনুযায়ী ইহুদিদের এই স্থানটিতে প্রার্থনা নিষিদ্ধ। তবে ডানপন্থী ইহুদি গোষ্ঠীগুলো বহুবার এই নিয়ম ভেঙে চত্বরে প্রবেশ করেছে এবং বিভিন্ন সময় সেখানে হামলাও চালিয়েছে।
রোববারের ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা কার্যত সামরিক ঘাঁটিতে পরিণত হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বেন গভিরের আগমন ঘিরে এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়, প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং বহু ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বেন গভির বলেন, ‘টেম্পল মাউন্ট ইহুদিদের জায়গা। আমরা এখানেই থাকব, চিরদিন।’
আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করার ঘটনা এটিই প্রথম নয় বেন গভিরের জন্য। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের মন্ত্রী হওয়ার পর এ নিয়ে অন্তত ১১ বার তিনি সেখানে গেছেন। এসব অনুপ্রবেশ এবং তার বক্তব্য ইতোমধ্যেই মুসলিম বিশ্বে ক্ষোভের জন্ম দিয়েছে।রোববারের এই অভিযানে তার সঙ্গে আরও ছিলেন লিকুদ পার্টির কট্টর ডানপন্থী আইনপ্রণেতা আমিত হালেভি, যিনি এর আগেও গাজা উপত্যকার পানি, খাদ্য ও জ্বালানির সরবরাহ ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি ডানপন্থীদের এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নষ্ট করছে বলে সতর্ক করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়।

সূত্র: মিডল ইস্ট আই

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত