জার্মানির একটি শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বৃটিশ বোমার সন্ধান মেলার পর হাজার হাজার মানুষকে তাদের বাসা ছেড়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ড্রেসডেন থেকে প্রায় ১৭,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গোটা অঞ্চলটি পর্যবেক্ষণের জন্য ৩৩০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যারোলা ব্রিজে সাফাই কাজ চলাকালীন ৫৫০ পাউন্ড ওজনের বৃটিশ বোমাটি আবিষ্কৃত হয় এবং এটিকে ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করতে হবে। বুধবার সকাল ৯.৪০ মিনিটে চারপাশের অঞ্চল সিল করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়। শহরের কেন্দ্রস্থলে স্টেট পার্লামেন্ট এবং অপেরা হাউস বন্ধ করে দেওয়া হয়। ছবিতে দেখা গেছে যে বাসিন্দা এবং পর্যটকরা স্যুটকেস হাতে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। পুলিশ জানিয়েছে: ‘যখনই এলাকায় আর একটিও লোক থাকবে না, তখনই বোমা নিষ্ক্রিয়করণের কাজ শুরু করা যেতে পারে।’ ড্রেসডেন পুলিশ জরুরি কর্মকর্তাদের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দিয়েছে। পুলিশ আশেপাশের এলাকার যানজট অন্যত্র সরিয়ে নিয়ে যাবার বন্দোবস্ত করেছে। গাড়িচালকদের এলাকা থেকে দূরে থাকতে বলা হয় । পুলিশ বলেছে এটি ২৫০ কিলোগ্রাম ওজনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বৃটিশ বোমা। এটিতে একটি ডেটোনেটর রয়েছে। যার অর্থ এটিকে ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করতে হবে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সূত্র: দ্য সান

