ইতালি ও সিসিলিকে যুক্ত করতে বিশ্বের দীর্ঘতম সাসপেনশন সেতু নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। শনিবার সিসিলির মেসিনা শহরে প্রায় ১০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা ‘নো ব্রিজ’ লেখা ব্যানার হাতে স্লোগান দেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয়, ১৩ দশমিক ৫ বিলিয়ন ইউরো মূল্যের এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ একক স্প্যানের সেতু। যা ৩ দশমিক ৭ কিলোমিটার লম্বা হবে। বর্তমানে তুরস্কের চানাক্কালে সেতুকে ছাড়িয়ে যাবে। প্রধান আপত্তি উঠে এসেছে প্রকল্পের বিপুল আকার, পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব, ভূমিকম্প ঝুঁকি, স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ এবং ইতালীয় মাফিয়ার হস্তক্ষেপের আশঙ্কা নিয়ে। প্রায় ৫০০ পরিবারকে সেতু নির্মাণের জন্য নিজেদের ঘরবাড়ি ছাড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।৭৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা মারিওলিনা দে ফ্রানচেস্কো বলেন, তারা যদি আমার বাড়ির তিনগুণ দামও দেয়, তবুও আমি রাজি হব না। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি মূল্যবান। তারা মেসিনার প্রণালী স্পর্শ করতে পারবে না। ইতালির পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি এই সেতুকে পশ্চিমা বিশ্বের সর্ববৃহৎ অবকাঠামোগত প্রকল্প হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিবছর ১ লাখ ২০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং দক্ষিণ ইতালির অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।
সেতুটি নির্মিত হলে ফেরিতে প্রায় ১০০ মিনিটের ভ্রমণ সময় কমে মাত্র ১০ মিনিটে নামবে। ট্রেনের ক্ষেত্রেও যাত্রার সময় আড়াই ঘণ্টা কমে আসবে। তবে এই প্রকল্প নিয়ে রয়েছে বিতর্ক। পরিবেশবাদীরা ইউরোপীয় ইউনিয়নে অভিযোগ করেছেন, এই সেতু নির্মাণ অভিবাসী পাখিদের চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। ইতালির প্রেসিডেন্টও জানিয়েছেন, যেকোনো বৃহৎ প্রকল্পের মতো এটির ক্ষেত্রেও কঠোরভাবে অ্যান্টি-মাফিয়া আইন প্রযোজ্য থাকবে।সরকার জানিয়েছে, প্রাথমিক কাজ ২০২৫ সালের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হতে পারে, যদি ইতালির কোর্ট অব অডিট অনুমোদন দেয়। পূর্ণাঙ্গ নির্মাণ শুরু হবে ২০২৬ সালে এবং শেষ হবে ২০৩২-৩৩ সালের মধ্যে। সরকার এমনকি এটিকে প্রতিরক্ষা-সম্পর্কিত অবকাঠামো হিসেবেও বিবেচনা করছে, কারণ এটি দ্রুত সৈন্য ও সরঞ্জাম পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ করিডোর হতে পারে। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট বার্তা দিয়েছেন- আমাদের আইনজীবীরা ব্যবস্থা নেবে, এবং এই প্রকল্প আমরা রুখবই।
ইতালি ও সিসিলিকে যুক্ত করতে বিশ্বের দীর্ঘতম সেতু নির্মানে প্রতিবাদে বিক্ষোভ
আপডেট:

