ডেনমার্কের স্বায়ত্বশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড থেকে সাময়িক সময়ের জন্য মোতায়েন শেষে সেনাদের প্রত্যাহার করে নিয়েছে জার্মানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের হুমকি এবং দ্বীপটি যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত দাবি করার পর এমন সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় চলতি সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে জানায়, ডেনমার্কে মোতায়েন করা জার্মান সেনাদের মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে সম্ভাব্য সামরিক অবদানের ক্ষেত্রগুলো যাচাই করা।প্রতিবেদনে বলা হয়, গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্পের দাবির বিরুদ্ধে যৌথ অবস্থান নেওয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এই হুমকির পর ঝুঁকিতে থাকা আটটি ইউরোপীয় দেশ সতর্ক করে বলেছে, এসব পদক্ষেপ ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে দুর্বল এবং বিপজ্জনক করার ঝুঁকি তৈরি করে।’জার্মানি, ফ্রান্স, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য—এই দেশগুলো ডেনমার্কের অনুরোধে চলতি সপ্তাহের শুরুতে তথাকথিত একটি অনুসন্ধান বা রিকনেসান্স মিশনের অংশ হিসেবে গ্রিনল্যান্ডে স্বল্পসংখ্যক সেনা মোতায়েন করেছিল।এক যৌথ বিবৃতিতে তারা জানায়, ‘ন্যাটোর সদস্য হিসেবে আমরা আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা যৌথ ট্রান্স-আটলান্টিক স্বার্থ।’তারা আরও বলে, শুল্ক আরোপের হুমকি ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত এবং বিপজ্জনক অবনতির ঝুঁকি তৈরি করে। আমরা আমাদের প্রতিক্রিয়ায় ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে কাজ করে যাব। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

