দাপুটে জয় দিয়ে বছর শুরু করল বার্সেলোনা। মৌসুমের শুরুটা ভালো না গেলেও বছর শুরু করেছে জয়ের উৎসব দিয়ে। লা লিগায় সর্বশেষ তিন ম্যাচেই জয়ের দেখা পায়নি কাতালাননা। তবে তাদের সামনে নতুন বছর যেন হাজির হলো জয়ের বার্তা নিয়ে। রবার্ট লেভান্ডফস্কির জোড়া গোলে ৪-০ গোলে হারিয়েছে বারবাস্ট্রোকে।গেল শনিবার রাতে কোপা দেল রে’র ৩২তম ম্যাচে বারবাস্ট্রোর মুখোমুখি হয় বার্সেলোনা। এই ম্যাচে লেভান্ডফস্কি ছাড়া বার্সার হয়ে একটি করে গোল করেছেন এরিক গার্সিয়া ও পাবলো তোরে। এক গোলের সাথে দুর্দান্ত দু’টি অ্যাসিস্টও করেছেন পাবলো।ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে দমিয়ে রাখে বার্সেলোনা। মাঠজুড়ে তাদের আধিপত্যে ২১ মিনিটের মাথায় খেলার লিড নেয় কাতালানরা। রোনাল্ড আরাউহো ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে হেড দিয়ে পেনাল্টি স্পটের দিকে এগিয়ে দেয় বল, গার্সিয়া আরেকটি নজর কাড়া হেডে বল জালে পাঠান। খেলার ৩১ মিনিটে গিয়ে পাবলোর নান্দনিক ফ্রি-কিকে পাওয়া বলে হেড দিয়ে লেভান্ডফস্কি আরেক ধাপ এগিয়ে যান। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।বিরতির পর স্বাগতিকদের তেমন সুযোগ দেয়নি বার্সেলোনা। খেলার ৪৭ মিনিটে পাবলোর পাস থেকে দ্বিতীয় গোল করেন লেভান্ডফস্কি। পাবলোর পাসটাকে পোল্যান্ডের এই ফরোয়ার্ড দারুণ ফিনিশিংয়ে জালে পাঠান। আবার ম্যাচের ৫৬ মিনিটেই পাবলো স্কোরলাইনে পূর্ণতা দেন। এরপর খেলার বাকি সময়ে সুযোগ পেলেও কোনো পক্ষই কাজে লাগাতে পারেনি। ফলে ৪-০ গোলে শেষ করেন বছরের প্রথম খেলাটি।দারুণ এক জয় পাওয়া ম্যাচ দিয়ে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় আন্দ্রে টের স্টেগানের ইনজুরিতে অবসর ভেঙে ক্লাবটিতে যোগ দেয়া ভয়চেক সেজনি। এছাড়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ (১৬ বছর ১৭৩ দিন) ফুটবলার হিসেবে টনি ফার্নান্দেজকে অভিষেক করায় স্প্যানিশ ক্লাব বার্সা।বছরের শুরুতে জয় পেয়ে নিজেদের ছন্দে ফিরিয়েছে বার্সেলোনা। নতুন বছরে মাঠে নেমেই ভক্তদের সুখবর দিয়েছে তারা। আগামী বৃহস্পতিবার তারা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার জন্য মুখোমুখি হবে অ্যাতলেটিক বিলবাওয়ের। এবার ফিরে আসা ছন্দ ধরে রাখার পরীক্ষা বার্সার সামনে।

