মূল টুর্নামেন্টের ফাইনাল না হলেও কাগজে-কলমে এটাও একটা ফাইনাল—স্থান নির্ধারণী ফাইনাল। এই ফাইনাল জিতে ১৭তম হয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতে ইতিহাস গড়ল সিগফ্রিড আইকম্যানের বাংলাদেশ দল।প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল বাংলাদেশ। অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে লাল-সবুজ যুবারা।গতকাল সোমবার ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন উদীয়মান তারকা আমিরুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন রাকিবুল হাসান ও হোজাইফা হোসেন। জমজমাট ম্যাচের শেষ কোয়ার্টারে ছিল চরম নাটকীয়তা। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় তুলে নেয় বাংলাদেশ।মূল টুর্নামেন্টের ফাইনাল না হলেও কাগজে-কলমে এটাও একটা ফাইনাল—স্থান নির্ধারণী ফাইনাল। এই ফাইনাল জিতে ১৭তম হয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতে ইতিহাস গড়ল সিগফ্রিড আইকম্যানের বাংলাদেশ দল।ভারতের চেন্নাইয়ের মাদুরাইয়ে ২৪ দলের চলমান বিশ্বকাপে ১০ ডিসেম্বর ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে স্পেন ও জার্মানি, আর তৃতীয় স্থানের জন্য লড়বে ভারত ও আর্জেন্টিনার যুবারা।২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করে। ৬টি গ্রুপ চ্যাম্পিয়ন ও ২টি সেরা গ্রুপ রানার্সআপ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বাকি ৪টি রানার্সআপ দল ও তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা ৪টি নবম থেকে ১৬তম স্থান নির্ধারণী প্লে-অফে উত্তীর্ণ হয়। আর বাকিরা ১৭তম থেকে ২৪তম স্থান নির্ধারণী লড়াইয়ে অবতীর্ণ হয়। এই ৮ দল হলো—বাংলাদেশ, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, মিশর, কানাডা, নামিবিয়া ও ওমান। শেষ ৮টি দলের মধ্যে সেরা হলো বাংলাদেশ।বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন ডিফেন্ডার আমিরুল ইসলাম। গতকাল পর্যন্ত তিনি টুর্নামেন্টসেরা ১৮ গোল করেন। তিন পাঁচটি হ্যাটট্রিক করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ গোল করেছেন দক্ষিণ কোরিয়ার লি মিন-হিউক।এ ম্যাচ দিয়েই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ ও ফ্রান্সের কাছে ৩-২ গোলে হারলেও দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ। তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে ৩-৩ গোলে। এরপর স্থান নির্ধারণী পর্বে ওমানকে ১৩-০ গোলে হারিয়ে চমক দেখান আমিরুলরা। সেটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। এরপর দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৫-৩ গোলে এবং আজ অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারায় বাংলাদেশ। ১৭-২৪ স্থান নির্ধারণী পর্বের সেরা দলকে দেওয়া হয় চ্যালেঞ্জার ট্রফি।জুনিয়র হকিতে ইতিহাস গড়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের অভিনন্দন জানিয়ে বিসিবি বলেছে, বাংলাদেশ দলের অবিশ্বাস্য পারফরম্যান্সে সংস্থাটি গর্বিত।

