বুধবার, মার্চ ১১, ২০২৬

নাহিদের বিধ্বংসী বিধ্বংসী বোলিংয়ে ওয়ানডেতে ১১৪ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান

আপডেট:

নাহিদ রানার আগুনে বোলিংয়ে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৪ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩ উইকেট। তিন অভিষিক্ত টপ অর্ডার ব্যাটার নিয়ে পাকিস্তানের শুরুটা হয়েছিল দারুণ। ৪১ রানের ওপেনিং জুটি গড়েছিলেন সাহিবজাদা ফারহান ও মাস সাদাকাত।দশম ওভারে প্রথম আক্রমণে আসেন নাহিদ। ওভারের শেষ বলে সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন ২৩ বছর বয়সী পেসার। পরের ওভারে তার গতিময় ডেলিভারিতে পুল করতে গিয়ে আকাশে তুলে দেন আরেক অভিষিক্ত শামিল হোসেন। সহজ ক্যাচ নেন লিটন কুমার দাস। তরুণ পেসারের পরের ওভারে আরেকটি গতিময় ডেলিভারির শিকার মাজ সাদাকাত। বুক বরাবর ধেয়ে আসা বাউন্সারে পুল করতে গিয়ে ডিপ থার্ড ম্যানে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন ১৮ রান করা অভিষিক্ত ওপেনার। পরে ইনিংসের অন্যতম সেরা ডেলিভারিটি করেন নাহিদ। চতুর্থ স্টাম্প বরাবর বলে পড়ে বেরিয়ে যাওয়ার মুখে খোঁচা দেন মোহাম্মদ রিজওয়ান। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন লিটন। এরপর সালমান আগাকে ফিরিয়ে পূর্ণ হয় নাহিদের ৫ উইকেট। টানা পাঁচ ওভারে ৫ উইকেট নেওয়ার পর নাহিদকে আরও দুই ওভার করান অধিনায়ক মিরাজ। নাহিদের সপ্তম ওভারে আসে আরেকটি উইকেটের সুযোগ। কিন্তু ফাহিম আশরাফের বিপক্ষে রিভিউ নেয়নি বাংলাদেশ। তাই ষষ্ঠ উইকেট পাওয়া হয়নি নাহিদের।ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোনো ম্যাচে প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটারের উইকেট নিলেন নাহিদ। প্রথম পাঁচ ব্যাটার না হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর প্রথম ৫ উইকেটের সবকটি একাই নেন রিশাদ হোসেন।নাহিদের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ ম্যাচে ছিল মোট ৫ উইকেট। এবার ষষ্ঠ ম্যাচে প্রথম ৫ ওভারেই তিনি নিলেন ৫টি উইকেট। পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট পাওয়া বাংলাদেশের দ্বিতীয় বোলার তিনি। এর আগে ২০১৯ বিশ্বকাপে ৭৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান।এছাড়া মিরপুরে প্রায় ১১ বছর পর ৫ উইকেটের দেখা পেলেন বাংলাদেশের কোনো পেসার। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। নাহিদের আগে দেশের মাঠে পেসারদের মধ্যে সবশেষ ৫ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। ২০২৩ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট নেন তরুণ পেসার।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত