বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে বিশেষ কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’। সোমবার দুপুর দেড়টায় কনসার্ট শুরু হলেও নির্ধারিত সময়ের আগেই লাখো দর্শকের উপস্থিতিতে শুরু হয় সঙ্গীত পরিবেশন। লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’।পুরো কনসার্ট এলাকা ঘুরে দেখা যায়, মানুষের স্রোত ঢুকছে কনসার্টমুখী। ফার্মগেট, খামারবাড়ি, আসাদগেট, কলেজগেট এলাকাজুড়ে মানুষের ছড়াছড়ি। শিল্পীদের গানের সাথে কণ্ঠ মিলিয়ে গান গাচ্ছেন দর্শকরা। কনসার্টে আসা দর্শক-শ্রোতাদের মধ্যে কেউ কেউ কনসার্ট দেখতে সড়কের পাশের গাছে চড়ে বসেন।দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী যুবদলের কর্মীরা বিশাল জাতীয় পতাকা নিয়ে মিছিল করে কনসার্টস্থলে প্রবেশ করেন। পাশাপাশি বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরাও মিছিল নিয়ে নিয়ে কনসার্টস্থলে প্রবেশ করেন।

