শনিবার, মার্চ ৭, ২০২৬

বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা নিয়ে বিএনপি হতাশ :সালাউদ্দিন

আপডেট:

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি গভীর হতাশা প্রকাশ করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ তারিখে যে দলিল স্বাক্ষরিত হয়েছে, সেখানে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে প্রস্তাবিত সুপারিশগুলো নেই। বলা হয়েছে, ৪৮টি দফার ওপর গণভোট হবে—কিন্তু এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাহলে এতদিন ধরে কেন এত বৈঠক, এত প্রচেষ্টা—সেটাই এখন প্রশ্ন। আমাদের ধারণা ছিল, যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলোই বাস্তবায়িত হবে। কিন্তু দেখা যাচ্ছে, জুলাই সনদটি নেই, বরং কমিশন ও কিছু দলের প্রস্তাবই অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু যে প্রস্তাব তারা দিয়েছে, তাতে ঐকমত্য নয় বরং বিভক্তির সম্ভাবনাই বেশি। এতে জাতিতে অনৈক্য সৃষ্টি হবে। তাদের আসল উদ্দেশ্য কী, আমরা জানি না। তারা আসলে কী অর্জন করতে চায়, সেটাও স্পষ্ট নয়।আরপিও এবং জোটের প্রতীক সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা ছিল নিজেদের প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করার। কিন্তু হঠাৎ করেই অগণতান্ত্রিকভাবে জানিয়ে দেওয়া হলো, জোটে থাকলেও নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে। বিস্ময়ের বিষয় হলো, আরেকটি রাজনৈতিক দলও এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে।সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করেছিলাম, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। কিন্তু বাস্তবতায় আমরা গভীরভাবে হতাশ। ঐকমত্য কমিশন ও সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে আমরা উদ্বেগ ও হতাশা প্রকাশ করছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত