মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে রাজনীতিবিদদের ভিড়

আপডেট:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় গতকাল শনিবার সারাদেশে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দলের কর্মসূচির বাইরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও দোয়া পরিচালনা করা হয়। এ ছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় করেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা।এদিকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানান।একই দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত সভায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।এদিন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তাঁর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় মসজিদে কোরআন খতম ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেন সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উৎকণ্ঠা ব্যক্ত করে দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন। বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ মন্তব্য করে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক উল্লেখ করে তাঁর দ্রুত, পূর্ণ রোগমুক্তির জন্য গভীর প্রার্থনা জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। খালেদা জিয়ার রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ধর্মীয়-বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল এক বিবৃতিতে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি তাঁর দ্রুত সুস্থতা কামনা করে।হাসপাতালে ভিড় অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে যান। তারা সেখানে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের কাছে সাবেক এই প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থার খোঁজ নেন। গতকাল খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে সকাল ৭টার দিকে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক। এ ছাড়া পৌনে ৯টায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাঁকে দেখতে যান।
গতকাল সকাল ১০টার দিকে এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব তাসনিম জারা, দলের দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং চিফ কোঅর্ডিনেটর নাসিরুদ্দীন পাটওয়ারী হাসপাতালে যান। পরে সাংবাদিকদের তাসনিম জারা বলেন, দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় যুদ্ধ করেছেন খালেদা জিয়া। হাসনাত আবদুল্লাহ বলেন, দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে, সেটা যেন তিনি নিজে দেখে যেতে পারেন। শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত তিনি যেন বেঁচে থাকেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার এবং বাংলাদেশ আম জনগণ পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমানও খালেদা জিয়াকে দেখতে যান। বিএনপির জ্যেষ্ঠ নেতারাও চেয়ারপারসনকে দেখতে গেছেন। দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং দলীয় অনেক তৃণমূল কর্মী-সমর্থকও হাসপাতালে গিয়ে খোঁজ নেন।গতকাল শনিবার খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহী আকবর জানান, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে।হাসপাতাল থেকে বের হয়ে গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা এম এইচ খান মঞ্জু বলেন, খালেদা জিয়া বাঁচলে গণতন্ত্র বাঁচবে, তিনি না থাকলে বাংলাদেশ অন্ধকারে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত