দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। তাঁদের পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা। তাঁরা নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এ ভাতা পাবেন।দেশের মোট মসজিদের ১০ শতাংশ মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে।পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ইমাম পাঁচ হাজার, মুয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পারেন।সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে।কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে।এ পরিপ্রেক্ষিতে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের তালিকা তৈরি করতে এই কমিটি গঠন করা হলো। অন্য সদস্যরা হলেন পরিচালক (সমন্বয়) মো. মহিউদ্দিন, পরিচালক (প্রকাশনা) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, পরিচালক (ইমাম প্রশিক্ষণ একাডেমি) মো. রেজ্জাকুল হায়দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন ও সহকারী পরিচালক (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন প্রশাসন বিভাগের উপপরিচালক (পার্সো) এ কে এম মুজাহিদুল ইসলাম।

