ইতালির রাজধানী রোমে বৃহত্তর নোয়াখালী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কর্ণেলিয়া- বাত্তিস্তিনি এলাকার একটি মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির নেতাকর্মীসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশ নেন।বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সভাপতি আলাউদ্দিন শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদে তাওহীদের খতিব মাওলানা নাসির উদ্দিন। মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও বিশ্বমানবতার কল্যাণ কামনা করা হয়।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাইনুদ্দিন লিটন হাজারি, আইয়ুব আলি, সুমন মিয়া, মাহাবুবুল আলম টিপু, আবুল কালাম খোকন, মিয়া মোহাম্মদ মুনসাদ, রশিদ সুমন,,মোহাম্মদ রুবেল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে পবিত্র রমজান মাসে সম্মিলিতভাবে ইফতার আয়োজন প্রবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা প্রবাসে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক কার্যক্রমে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।আয়োজকেরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
তথ্য ও ছবি: ওয়াহিদুজ্জামান দিপু

