বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় বগুড়ায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বাবার মতো মেয়েও নির্বিচারে মানুষ হত্যা করেছে। বাবা বাকশাল কায়েম করেছিল, গণতন্ত্র হত্যা করেছিল। ভারতের মদদে শেখ হাসিনাও তাই করার চেষ্টা করেছিল। ১০ হাজার মাইল দুর থেকে তারেক রহমান জুলাই বিপ্লবের জমি চাষ করেছিলেন। সেই বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে আবারও ভারতে আশ্রয় নিয়েছেন।তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এদেশের জিয়ার সৈনিকদের লাশ পড়ে ছিল শীতলক্ষ্যা, বুড়িগঙ্গার তীরে, রাস্তা ঘাটে। মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছিল শেখ হাসিনা। কারণ তারা ভারতের তাবেদারি করার জন্য ক্ষমতায় ছিল। ভারতও তাদের বার বার সমর্থন করে গেছে। বিগত ১৭ বছর আমাদের দেশের মানুষকে উন্নয়নের নামে প্রতারণা করা হয়েছে। দেশের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার তারেক রহমান লড়াই করে গেছেন ১৭ বছর ধরে। তারই দেখানো পথে জুলাই বিপ্লব হয়েছে।রিজভী বলেন, জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন এদেশের মানুষকে পরিপূর্ণ করার জন্য। তিনি ১৯ দফা দিয়ে দেশকে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন অর্থনীতি, উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতকে এগিয়ে নিতে। যেদেশের মানুষ নোঙর খানায় খাবার নিত সেই দেশ থেকে জিয়াউর রহমান খাদ্য রপ্তানি শুরু করেছিলেন। ঠিক সেভাবে দেশকে এগিয়ে নিতে ৩১ দফা দিয়েছেন তারেক রহমান। সেই ৩১ দফায় আগামীর বাংলাদেশ বিনির্মান হবে। দেশ হবে প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ, ক্ষুধা, দুর্নীতি, দরিদ্র, বেকার মুক্ত বাংলাদেশ।ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, যারা আদর্শ নিয়ে চলে তাদের নির্বাচিত করতে হবে। একটি দল ধর্মকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের কোন কিছু ধরলেই সাইবার বুলিং করা হচ্ছে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল রয়েছে। তার বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে। শিবিরের প্রার্থীরা নাকি ছাত্রলীগের পদধারী ছিল। তারা আবার আদর্শের কথা বলে। এখন সময় দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ছাত্রদলের প্যানেলের বিজয় নিশ্চিত করা।শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের আহবানে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাসারের সঞ্চালনায় আলোচনা সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. লোহানী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডা. আওয়াল, জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

