ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল জামায়াতে ইসলামী থেকে কাউকে মনোনয়ন দেওয়ার বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপির মৌখিক প্রস্তাব আপাতত নাকচ করে দিয়েছে জামায়াত। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে দলটি।আজ বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আমরা এভাবে ডেপুটি স্পিকার চাইনি। সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, জুলাই সনদ সংসদে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে গত ২ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে এবং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তারা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ডেপুটি স্পিকার পদে কাউকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছিলেন, স্পিকার নির্বাচনের দিন একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচন করা সম্ভব।তবে বিরোধী শিবির থেকে এ ব্যাপারে লিখিত প্রস্তাব এবং জুলাই সনদ ও গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানানো হচ্ছিল।

