রাজধানীর সদরঘাটগামী দুটি বাসের মাঝখানে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়েছেন। প্রতিবাদে ওই শিক্ষার্থীর সহপাঠীরা বাস দুটি জব্দ করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে এনে রেখেছেন। আজ সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সরকারি কবি নজরুল কলেজের সামনে এ ঘটনা ঘটে।খোজ নিয়ে জানা যায়, আহত ওই শিক্ষার্থীর নাম নিকিতা পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার জেলার আদর্শ সদর উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে কবি নজরুল কলেজের সামনে ওই ছাত্রীকে প্রথমে তানজিল পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এরপর আজমেরী গ্লোরী পরিবহনের আরেকটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। এ সময় কবি নজরুল কলেজের কয়েকজন শিক্ষার্থী ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সে করে তাকে গ্রামের বাড়িতে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় তানজিল পরিবহনের বাসটি চালক না চালিয়ে তাঁর সহকারী (হেলপার) চালাচ্ছিলেন। ওই সহকারীসহ বাস দুটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেন ঘটনাস্থলে থাকা লোকজন।এ বিষয়ে আহত শিক্ষার্থীর সহপাঠী সাকিব আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা তাঁকে দেখতে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যাই। চিকিৎসকের পরামর্শে এক্স–রে করিয়ে পরক্ষণেই তাঁকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। বাস দুটি আটকে রাখা হবে আপাতত। মালিক এলে আগামীকাল মঙ্গলবার সকালে বসে বিষয়টি সমাধান করা হবে। প্রতিনিয়ত এধরনের ঘটনা ঘটছে’।

