বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার ৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা সুমন ভক্ত।
একই সাথে বেনাপোল পোর্ট থানা থেকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন, এসআই লিখন কুমার সরকার ও এএসআই কাজী জাহিদ ইসলাম।
রবিবার (২১এপ্রিল) যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় এই সন্মাননা সনদ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশের পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ অন্যান্য অফিসারবৃন্দ।
বেনাপোল পোর্টথানা সূত্রে জানা যায়, ওসি সুমন ভক্ত ২০২৩ সালের শেষের দিকে বেনাপোল পোর্টথানায় যোগদান করার পর থেকে মাদক, সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠু ও নির্ভুলভাবে পালন করায় যশোর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।
এ ছাড়াও অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতিতে সাফল্য অর্জন করায় তাকে এ সন্মাননা প্রদান করা হয়।
সন্মাননা সনদ পেয়ে ওসি সুমন ভক্ত জানান, শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। এই মর্যাদা যেন ধরে রাখতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বেনাপোল পোর্ট থানা থেকে একই সাথে তিন চৌকস অফিসার শ্রেষ্ঠতা অর্জন করাই থানা পুলিশ ও স্থানীয় জনগনের কাছে বাহবা কুড়াচ্ছেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ জনগণের বন্ধু, যশোর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় পোর্ট থানার সকল অফিসারদের প্রতি কৃতজ্ঞতা ও এলাকার মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান ওসি সুমন ভক্ত।



