আশিকুর রহমান :নরসিংদী
নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের পক্ষে নগদ টাকা ও বস্ত্র দিয়ে ভোটাদের কাছে ভোট কিনলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মোমেন মোল্লা।
শনিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার মাধবদী থানাধীন ভগীরথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি নেট দুনিয়ায় ভাইরাল হলে তা টক অব ট্যা টাউনে পরিনত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী ব্যবসায়ী নেতা ভগীরথপুরের শিল্পপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মোমেন মোল্লা নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের পক্ষে সরাসরি কাজ করছেন। তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে তিনি এলাকার সাধারণ ভোটারদের ডেকে নিয়ে প্রত্যেক ভোটারদের হাতে নগদ টাকা ও একটি করে লুঙ্গি হাতে ধরিয়ে দেন। এসময় দেখা যায় উপস্থিত কয়েকশত ভোটারের হাতে তিনি পাঁচশত টাকা ও একটি করে লুঙ্গি তুলে দিয়ে আনারস প্রতীককে ভোট দিতে রীতিমতো ভোটারদেরকে ওয়াদা করাছেন।
নাম প্রকাশ না করার শর্তে নগদ অর্থ ও লুঙ্গি পাওয়া এক ভোটার প্রতিনিধিকে বলেন, মোমেন মোল্লা সাব আমাকে নির্বাচনের ব্যাপারে ডেকে নেয়। আমি সেখানে উপস্থিত হলে তিনি আমাকে পাঁচশত টাকা ও একটা লুঙ্গি হাতে ধরিয়ে দিয়ে বলেন ৮ তারিখে আনারসে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, তারা অনেক বড় মাপের মানুষ। আর আমরা সাধারণ গরীব মানুষ। এলাকায় থাকতে হলে তাদের কথা মত চলতে হবে। এ বিষয়ে জানতে আব্দুল মোমেন মোল্লার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
অপরদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, এটি সম্পূর্ণ নির্বাচন আচরণ বিরোধী কাজ। শাস্তি যোগ্য অপরাধ। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তারা উদ্দেশ্য প্রণীতভাবে এ কাজ করেছেন। সাধারণ ভোটারদেরকে অর্থের লোভ দেখিয়ে নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্য সারাদেশে ভাইরাল হয়েছে। আমার কাছে ভিডিও কপি সংরক্ষিত আছে। এখন দেখি নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহন করেন। যদি দ্রুত পদক্ষেপ গ্রহন না করেন তাহলে আমি আইনের আশ্রয় নিবো।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, আমরা শুনেছে। এটা সম্পূর্ণ নির্বাচন আচরণ বিরোধী লংঘন। আমরা ব্যাখা চেয়েছি। এছাড়াও নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছি কি ঘটনা। এমন যদি হয়ে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নিবো বলে জানান।



