কিশোরগঞ্জের কটিয়াদীতে কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে কটিয়াদী সরকারি কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীরা অধিকার আদায়ের আন্দোলনে যোগ দিলে ছাত্রলীগ ও পুলিশের হামলায় সমাবেশ পন্ডু হয়ে যায়।
জানা যায়, দেশব্যাপী কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কটিয়াদী সরকারি কলেজের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের ছাত্ররা। এসময় মিছিল বের করলে তাদের উপর চড়াও হয় স্থানীয় ছাত্রলীগের কর্মীরা।
এদিকে আন্দোলনকারীরা অভিযোগ করে জানান, সকাল থেকে কটিয়াদী সরকারি কলেজের সামনে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের লক্ষ্যে অবস্থান করছিলো৷ পরে মিছিল বের করলে তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে ছাত্রলীগের কর্মীরা। এক পর্যায়ে পুলিশি বাঁধায় পন্ডু হয়ে যায় কর্মসূচি। এতে অন্তত ২০ জন সাধারণ শিক্ষার্থী আহত হয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন৷ পরে পুলিশি বাঁধায় পন্ডু হয়ে যায় কর্মসূচি।
অন্যদিকে উপজেলা ছাত্রলীগের একাধিক সক্রিয় কর্মী জানিয়েছেন, বিএনপি, জামাত-শিবিরের কর্মীদের মদদে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলো একটি চক্র, ছাত্রছাত্রীদের জানমালের নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে তাদেরকে প্রতিহত করে ছাত্রলীগের কর্মীরা।


