নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি’র দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়। পরে গতকাল বিকালে তাদের এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আটককৃতরা হলেন- মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক টি.এইচ. তোফা। দু’জনই জেলা বিএনপি’র সাবেক সভাপতি গিয়াসউদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পুলিশ জানায়, বুধবার সকালে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। এ ছাড়া, তোফার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। পরে বিকালে এক মাসের আটকাদেশ দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

