বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা

আপডেট:

রাজধানীর তেজগাঁও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে স্টার হোটেলের পাশের একটি গলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গতকাল বুধবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ সুফিয়ানকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।তার বাসা কেরানীগঞ্জে। রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মোসাব্বির ও মাসুদসহ কয়েকজন কাজীপাড়া স্টার হোটেলের পাশের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত মোসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়।তিনি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়।সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঢাকা মহানগর তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন এবং এ ঘটনায় আরও একজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।স্থানীয় লোকজন জানান, স্টার হোটেলের গলিতে আজিজুর রহমান, সুফিয়ানসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।এ ঘটনার পর রাতে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন বিক্ষুব্ধ একদল লোক। এতে ওই মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত