শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

স্পেনের সঙ্গে শেনজেন স্থগিতাদেশ ইতালির জন্য বিপজ্জনক নজির ‘মেলোনি সরকারের’ তীব্র সমালোচনায় কন্তে

আপডেট:

​নিজস্ব প্রতিবেদক:স্পেনের সাথে শেনজেন (Schengen) চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ইতালীয় সরকারের সিদ্ধান্তকে দেশটির জন্য একটি ‘বিপজ্জনক ও বিচ্ছিন্নতাবাদী নজির’ হিসেবে আখ্যায়িত করেছেন ফাইভ স্টার মুভমেন্টের (M5S) নেতা ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক পদক্ষেপ এবং অভিবাসন নীতির তীব্র বিরোধিতা করে তিনি এই মন্তব্য করেন।
​সেউতা সংকট ও রাজনৈতিক ফায়দা
​জুসেপ্পে কন্তে দাবি করেন, উত্তর আফ্রিকায় অবস্থিত স্প্যানিশ ছিটমহল সেউতার (Ceuta) অনাকাঙ্ক্ষিত সংকট ভৌগোলিকভাবে ইতালি থেকে অনেক দূরে অবস্থিত হলেও মেলোনি সরকার সস্তা রাজনৈতিক ফায়দা লুটতে এটিকে অহেতুক বড় করে দেখাচ্ছে।
​অভিবাসন ইস্যুকে কেবল নির্বাচনী প্রচার বা রাজনৈতিক লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করার মানসিকতা পরিহার করার আহ্বান জানান তিনি। একই সাথে, অভিবাসন সমস্যাকে কেবল সীমান্ত কড়াকড়ির দৃষ্টিতে না দেখে মানবিক মর্যাদা ও সহানুভূতির সাথে ব্যবস্থাপনার ওপর জোর দেন কন্তে।উচ্চ করের বোঝা ও জনদৃষ্টি সরানোর কৌশল মেলোনি সরকারের অর্থনৈতিক কাঠামোর সমালোচনা করে কন্তে উল্লেখ করেন যে, ইতালিতে বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় ট্যাক্সের হার বা করের বোঝা চাপানো হয়েছে।​তিনি অভিযোগ করেন, সামনেই সরকারের সেপ্টেম্বর মাসের নতুন বাজেট ঘোষণা হতে যাচ্ছে। বাজেট পেশের আগে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যর্থতা ও বিপুল করের বোঝা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরাতে সরকার কৃত্রিমভাবে অভিবাসন ইস্যুকে উস্কে দিয়ে একটি ‘গণ-বিক্ষোভের’ হাতিয়ার হিসেবে ব্যবহার করার চক্রান্ত করছে।
​বিরোধী ঐক্যের আহ্বান
​কন্তে মনে করেন, মেলোনি সরকারের নীতি ইতালিকে ইউরোপীয় রাজনীতিতে একঘরে করে ফেলছে। এমতাবস্থায় ডানপন্থী মেলোনি সরকারকে আগামী নির্বাচনে সফলভাবে চ্যালেঞ্জ জানাতে এবং পরাস্ত করতে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক মতভেদ ভুলে একক জোটে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এই এমফাইভএস (M5S) প্রধান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত