বিএনপি বর্তমানে আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এনসিপিতে নতুন সদস্য যোগদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তাদের উপস্থিতিতে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন যে, ক্ষমতায় আসার পর বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে। তিনি বলেন, “শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধরা যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছেন, বিএনপি সেই অবস্থান থেকে পিছিয়ে যাচ্ছে। তারা জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন থেকে অনেক দূরে সরে গেছে।”সরব পরিবর্তনের ইঙ্গিত দিয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “তৃণমূল পর্যায়ে নীরবে একটি পরিবর্তন ঘটছে। বিএনপির অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দিতে আগ্রহী হলেও সামাজিক ও রাজনৈতিক পারিপার্শ্বিকতার কারণে তা প্রকাশ্যে বলতে পারছেন না।” তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি এনসিপির সংস্কারের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বিএনপি নেতাদের সতর্ক করে বক্তব্য দেন এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ছাত্রদল-যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি বলেন, “বিএনপি নেতারা জুলাই বিপ্লবের রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছেন, কিন্তু এসেই তারা জুলাইয়ের স্পিরিটের সঙ্গে প্রতারণা করছেন।” তিনি আরও যোগ করেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর এখন কারও জন্যই কোনো নিরাপদ আশ্রয় নিশ্চিত নয়। তাই জুলাই সংগ্রামের সঙ্গে বেইমানি করলে ভবিষ্যতে পালানোর পথ পাওয়া যাবে না।

