বঙ্গোপসাগরের ফুসফুসের চরের দখল নিয়ে দু’গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এঘটনায় ৫জেলে গুরুতর আহত হয়েছেন। আহত জেলেদেরকে শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে পূর্ব সুন্দরবনের কটকা এলাকায় মাছ ধরা এ চর দখল নিয়ে সংঘর্ষ হয়।
শরণখোলা হাসপাতালে ভর্তি জেলেদের মহাজন উপজেলার রাজাপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম জানান, তার জেলেরা বঙ্গোপসাগরের ফুসফুসের চর এলাকায় মাছ ধরার জন্য জাল ফেলে। এসময় বরগুনার পাথরঘাটার পদ্মা স্লুইস এলাকার হালিম খানের পুত্র রফিকুল ও তার ২০/২৫ জন জেলে তিনটি ট্রলারে করে এসে তার জেলেদের উপড় হামলা করে মাছ ধরা বন্ধ করে দেয়।
হামলায় তার ৫ জেলে আহত হয়। আহতরা হলেন, উপজেলার উত্তর রাজাপুর গ্রামের দেলোয়ার হোসেন,কাওসার হোসেন,আসাদ,নাজমুল হোসেন ও মাসুম।
পূর্ব সুন্দরবনের এসিএফ শেখ মাহবুব হাসান জানান, সাগরের ফুসফুসের চর দখল নিয়ে দু’গ্রুপের জেলেদের মারামারি শুনে বনরক্ষিরা ঘটনাস্থলে গিয়ে ফাকা গুলি করে জেলেদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

