রবিবার, মার্চ ১৫, ২০২৬

হামলার পর কৃষকের ঘরে আগুন, প্রতিপক্ষ বলছে—সাজানো নাটক

আপডেট:

মো: জহিরুল ইসলাম (রুবেল)
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক কৃষকের বাড়িতে হামলার পর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, কৃষকের একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভিটাতে পড়ে আছে আগুনে পোড়া বিভিন্ন সামগ্রী। পোড়া ধ্বংসাবশেষ থেকে কিছু বাঁচানোর চেষ্টা করছেন কৃষক পরিবার।

বিজ্ঞাপন

শুক্রবার আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সৈয়দ ভাকুরী গ্রামের কিতাব আলী (৬০) নামে এক কৃষকের বাড়িতে এঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও পুলিশ। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে আগুনের ভয়াবহতা কমে গেছে। তারপর আমরা আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনি।

বিজ্ঞাপন

ভুক্তভোগী কৃষক ও তার পরিবারের ভাষ্য, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে কিতাব আলীর চাচাতো ভাই আব্দুল করিম ও তার ছেলেরা তাদের বাড়িতে দেশীয় অস্ত্রসহ হামলা করে বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। তবে এঘটনাকে ‘সাজানো নাটক’ দাবি করছেন কিতাব আলীর চাচাতো ভাই আব্দুল করিম। তিনি বলেন, কিতাব আলী ওরফে কিতুর সাথে অনেকদিন ধরে আমাদের জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছে। কিতু আইনগতভাবে আমাদের সাথে পেরে উঠতে না পেরে নিজের ঘরে নিজে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

কৃষক পুত্র মো. সজিব মিয়া বলেন, আমরা বাড়িতে না থাকায় সুযোগে চাচাতো ভাই কাইয়ুমের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। যে ঘরটিতে আগুন লাগিয়েছে সেই ঘরটির একপাশে আমি থাকতাম। আরেক পাশে রান্না-বান্না করা হতো। আমরা এঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত কাইয়ুম বলেন, আমাদের সোহাগি বাজারে আমার একটি জরুরি কাজ থাকায় আমি সকাল সাড়ে ১০টার দিকে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ি থেকে কল আসে কিতু চাচা নিজের ঘরে আগুন দিয়ে চিৎকার করছে। আমি তাড়াতাড়ি বাজার থেকে এসে দেখি তাদের বাড়িতে ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ। তাদের সাথে আমাদের জমিসংক্রান্ত বিরোধ আছে। এনিয়ে মারামারির ঘটনায় চাচার এক ছেলে বর্তমানে জেলে আছে। এটা মূলত একটা সাজানো নাটক। তারা নিজের ঘরে নিজে আগুন দিয়ে আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তেসাপেক্ষে আইনি ব্যবস্থা নেব।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত