
গতকাল জুলাই ১৩ ২০২৪ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন।
স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় এ ঘটনা ঘটে। তখন নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছিলেন ট্রাম্প। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি করেন ক্রুকস।
গুলি করার পরপরই ট্রাম্প মঞ্চে বসে পড়েন। তাঁর ডান কান দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। গোয়েন্দা সংস্থার সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন এবং দ্রুত গাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় ট্রাম্পকে।
ট্রাম্পের উপর হামলাকারীর পরিচয়ঃ
ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা এফবিআই। তার নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স মাত্র ২০ বছর। তিনি পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকা থেকে এসেছেন। এলাকাটি মি. ট্রাম্প যেখানে সমাবেশ করছিলেন সেখান থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। বন্দুকধারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে। তার পরিচয় এফবিআই তখনি প্রকাশ করেনি। তারা মূলত হামলাকারীর ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন।
হাসপাতাল ছেড়েছেন ট্রাম্পঃ
দুটি সূত্র নিশ্চিত করেছে যে কানে গুলি লাগার পর মি. ট্রাম্প স্থানীয় যে হাসপাতালে এসেছিলেন চিকিৎসা শেষে সেখান থেকে বেরিয়ে গেছেন তিনি। তবে, তিনি ঠিক কোথায় যাচ্ছেন সেটি এখনো পরিষ্কার নয়। বাটলারের সমাবেশের পর তার নিউ জার্সিতে যাওয়ার কর্মসূচি ছিলো।
হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন।
রিপাবলিকান সম্মেলনে যাবেন ট্রাম্পঃ
মি. ট্রাম্পের প্রচার দল জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে তিনি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দিবেন। ওই সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেয়া হবে। সোমবার ওই সম্মেলন শুরু হওয়ার কথা, যেখানে মি. ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করার কথা রয়েছে। তার প্রচার দল জানিয়েছে, “মি. ট্রাম্প ‘ভালো আছেন’ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন, যারা হামলার প্রাথমিক জবাব দিয়েছে।”
কানে গুলির কথা বললেন ট্রাম্পঃ
ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল একাউন্টে বলেছেন, তার ডান কানের উপরের অংশে গুলি লেগেছে। “আমি বুঝতে পারছিলাম তখনি যে কিছু একটা সমস্যা হয়েছে। আমি শোঁ শোঁ শব্দ শুনছিলাম এবং তখনি বুলেট চামড়া ভেদ করে চলে গেলো,” মি. ট্রাম্প বলছিলেন। “অনেক রক্ত গেছে, এরপর বুঝলাম কী হচ্ছে।”
একজন ভোটার বললেন, “সারাজীবন শুনেছি কানের পাশে দিয়ে বুলেট যাওয়ার কথা, এবার বাস্তব উদাহরণ দেখলাম।”



