প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করে নেয়ার হুমকি দিয়েছেন ক্ষমতায় আসার পরই। সেই হুমকি ঘিরে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে কয়েক মাস ধরে চলা কূটনৈতিক বিরোধের অবসান ঘটেছে অবশেষে। গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে এই দুই দেশ। ট্রাম্প বলেছেন, এই চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনের ওপর যুক্তরাষ্ট্রের স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, চুক্তিটি আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তির যেসব বিষয় উল্লেখ করেছেন, সেগুলোর বিস্তারিত অবশ্য তিনি প্রকাশ করেননি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে কয়েক মাস ধরে হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। প্রতিরক্ষার দিক থেকে দ্বীপটির কৌশলগত অবস্থান এবং সেখানে থাকা বিপুল খনিজ সম্পদের কথা উল্লেখ করেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কোনো খরচ হবে না। এর মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত ও রক্ষার জন্য যা প্রয়োজন, তা করার সক্ষমতা যুক্তরাষ্ট্র পাবে। তিনি আরও বলেন, চুক্তিতে এমন একটি বিধান রয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের স্পষ্ট লিখিত অনুমোদন ছাড়া গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষ সামরিক উপস্থিতি বজায় রাখতে পারবে না বা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না।তার ভাষায়, কার্যকর হওয়ার জন্য প্রয়োজনীয় সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। চুক্তি ঘোষণার সময় দেয়া এক বিবৃতিতে গ্রিনল্যান্ড সরকারের চেয়ারম্যান জেন্স-ফ্রেডেরিক নিলসেন বলেন, গ্রিনল্যান্ড, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত ও শক্তিশালী করে, এমন একটি চুক্তিতে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এটি আনন্দের বিষয়।

