শনিবার, মার্চ ২১, ২০২৬

বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডারের ড্রাম থেকে শাড়ি-থ্রিপিস ও থান কাপড় জব্দ

আপডেট:

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ব্লিচিং পাউডারের ড্রাম থেকে দেড় কোটি টাকা মূল্যের শাড়ি, থ্রিপিস ও থানকাপড় জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে বন্দরের ৩৪ নম্বর শেডের সামনে ভারতীয় দুটি ট্রাক থেকে এই পণ্য চালানটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদে কাস্টমসের ডেপুটি কমিশনার অথৈল চৌধুরির নেতৃত্ব বন্দরের ৩৪ নম্বর শেডে অভিযান পরিচালনা করে দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে ব্লিচিং পাউডারের চালানের মধ্যে শাড়ি-থ্রিপিস ও থান কাপড় পাওয়া যায়। জব্দ করা পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান খুলনার সোনাডাঙ্গার জামাল বাণিজ্য ভাণ্ডার।

রপ্তানিকারক প্রতিষ্ঠান কলকাতার ব্রাকপুরের চারুবালা এন্টারপ্রাইজ। পণ্যে ঘোষণা দেওয়া আছে ব্লিচিংপাউডার কিন্তু পাওয়া গেল শাড়ি-থ্রিপিস ও থান কাপড়। মিথ্যা ঘোষণা দিয়ে ব্লিচিংপাউডারের পরিবর্তে শাড়ি-থ্রিপিস ও থান কাপড় আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করণের দায়িত্বে ছিল বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট চৈতী এন্টারপ্রাইজ।

বিজ্ঞাপন

জব্দ করা পণ্য চালানটির আমদানি মূল্য ৩২ হাজার ১০ মার্কিন ডলার। ওজন ৩৩ হাজার ১২০ কেজি। যার মেনিফেস্ট নম্বর ৩২৬১।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, বেশি মুনাফা করার লক্ষ্যে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চালানটি খালাসের চেষ্টা করছিল আমদানিকারক। কাস্টমসের ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় চালানটি নজরদারিতে রাখার পর বিকেলে চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত